বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্কসংলগ্ন সুগন্ধা নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। সকাল থেকে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের কল্যাণে কাজ করাও দলের অন্যতম অঙ্গীকার। নদী, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।’
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের নেতাকর্মীরা সবসময় ভূমিকা রাখবে।’
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণের কল্যাণে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। সুগন্ধা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, নলছিটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিনসহ জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি, নলছিটি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সুগন্ধা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এই বাংলা/এমএস