বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাহেনা বেগমের পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় একটি ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগও উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা মোছা. রাহেনা বেগম দীর্ঘদিন ধরে দলিলমূলে ক্রয় করা জমি ভোগদখল করে আসছেন। তাঁর দাবি, ৫ হাজার ৩২৮ নম্বর দলিলমূলে তিনি সাড়ে ৩৮ শতাংশ জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ ও চাষাবাদ করে আসছেন।

রাহেনা বেগমের অভিযোগ, প্রতিবেশী আব্দুর রশিদসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রাহেনার পরিবারের সদস্যদের মারধর করা হলে কয়েকজন আহত হন। পরে আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।

এ ছাড়া বিবদমান জমিতে রোপা আমন ধানের ক্ষেতে আব্দুর রশিদ গং কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করেছেন বলেও অভিযোগ করেন রাহেনার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা জজ আদালতে ৬২/২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, রাহেনা বেগম দীর্ঘদিন ধরে দলিলমূলে ওই জমি ভোগদখল করে আসছেন।

আরেক স্থানীয় বাসিন্দা মো. নবীজন অভিযোগ করেন, রাহেনা ও তাঁর পরিবারের সদস্যরা অসহায় হওয়ায় তাদের মারধর করা হয়েছে। এ সময় শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোছা. সলিমা বেগম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাহেনার ধানক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে আব্দুর রশিদ গং এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি রেওয়াজ করে তারা রাস্তা নির্মাণ করেছেন। বর্তমানে রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে না।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর