শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

পিরোজপুর-১ ও ২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে তাঁর দাখিল করা কাগজপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় প্রার্থিতা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষের সেবা করার যে সুযোগ তিনি কামনা করেছেন, তার প্রথম ধাপে সফলতা দিয়েছেন আল্লাহ। তিনি পিরোজপুর-১ আসনের জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার ও সমস্যা সংসদে দৃঢ়ভাবে তুলে ধরাই হবে তাঁর প্রধান লক্ষ্য। পিরোজপুরের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে পিরোজপুর জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসনে তাঁর অপর পুত্র শামীম সাঈদী নির্বাচনে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বৈধতা পেয়েছেন।

মনোনয়ন বৈধ হওয়ার পর মাসুদ সাঈদী এক প্রতিক্রিয়ায় বলেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পিরোজপুর-১ আসনের ভোটারদের দোয়া ও সমর্থন চান।

অন্যদিকে পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী বলেন, জনগণের সেবার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি এলাকার ভোটারদের দোয়া ও ভোট প্রার্থনা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, হলফনামাসহ প্রয়োজনীয় সব নথিপত্র যাচাই-বাছাই শেষে আইনগতভাবে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই তিন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় পিরোজপুরের নির্বাচনী পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হলো।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর