
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন টি এম ওয়েভ ফাউন্ডেশন (টিএমএফ)-এর উদ্যোগে শীতবস্ত্র, বোরো ধানের বীজ, শিক্ষাবৃত্তি, কম্পিউটার এবং অটিজমে আক্রান্ত শিশুদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকার জনার্দ্দনপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টি এম ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীমের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী, জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, তরুণ সংগঠক এম এ হানিফ মিঝিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র, ১ হাজার মানুষের মধ্যে মোজা, ১ শত পরিবারকে কম্বল, ১ শত প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাবৃত্তি, অটিজমে আক্রান্ত শিশুদের জন্য আর্থিক সহায়তা এবং কম্পিউটার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি সাবরিনা রহমান লিনা বলেন, টি এম ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে যেভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সংগঠনটির অবদান সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক
