
হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে স্মৃতি আর আবেগে আপ্লুত হয়ে ওঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’ স্লোগানে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে নবীন-প্রবীণদের এক মিলনমেলা বসে। এতে কয়েক হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। অনেকের সঙ্গে ৩০-৪০ বছর পর পুনর্মিলন ঘটে, যা অনুষ্ঠানটিকে আরও আবেগঘন করে তোলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্বাধীনতার আগে বিদ্যালয় থেকে এসএসসি পাস করা কৃতী শিক্ষার্থী মো. শামসুর রহমান বলেন, দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় দারুণ ভালো লেগেছে। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ৩০ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন।
সকাল সাড়ে ৯টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বেলা ১১টায় উদযাপন পরিষদের আহ্বায়ক ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, “আমার বাবা এই স্কুলের শিক্ষার্থী ছিলেন। আমার আজকের অবস্থানে আসার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। শিক্ষা গ্রহণের পাশাপাশি আমাদের দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্যে মো. আইয়ুব খান বলেন, “এই বিদ্যালয় না থাকলে আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না।”
এসময় আরও উপস্থিত ছিলেন শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, আকিবুল খান, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার, সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খানসহ আরও অনেকে।
দিনব্যাপী এ আয়োজন ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
এই বাংলা/এমএস
টপিক
