সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ী মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিষয়টি সদর থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন নিশ্চিত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে প্রথম দফায় সংঘর্ষ বাধে।
পরে রবিবার (৭ ডিসেম্বর) সকালে কাঠেরপুল বাজার এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইট–পাটকেল নিক্ষেপ ও মারামারিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের কারণে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওমর ফারুক নামে এক পথচারী বলেন, ‘শত্রুতা আর এলাকায় আধিপত্যের কারণেই এই মারামারি হয়। শুনেছি প্রায় ৩০ জন আহত হয়েছে।’
সদর থানার এসআই জুবাইদা খাতুন বলেন, ‘ঘটনার পরও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এই বাংলা/এমএস
টপিক

