নলছিটিতে জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
222
সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া ও বিরনারায়ণ গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধ ও সম্প্রতি ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে বজলুর রহমান জানান, সাবকবলা দলিল ও রেকর্ড অনুযায়ী তিনি ও তার পরিবার প্রায় ৬ একর ৫০ শতাংশ জমির বৈধ মালিক। কিন্তু স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে চক্রটি তার কাছে নিয়মিতভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে নলছিটি, ঝালকাঠি এবং ঢাকা প্রেসক্লাবের সামনে সাজানো মানববন্ধন করা হয়। প্রতিশোধ হিসেবে তার জমিতে রোপিত ২১৯টি মাল্টা গাছ কেটে ফেলা হয় এবং পরে ক্ষেতের ধান কাটারও চেষ্টা চালায় চক্রটি।

বজলুর রহমান বলেন, প্রশাসনের কাছে প্রতিপক্ষ কোনো বৈধ মালিকানার কাগজ দেখাতে পারেনি। বরং ৩০০ টাকার স্ট্যাম্পে বায়না ও ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের পাঁয়তারা করছে। তার অভিযোগ—মোহন হাওলাদারের নেতৃত্বে চক্রটি তার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

তিনি আরও বলেন, এই চক্রের মধ্যে দপদপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ ছিদ্দিক মাঝী ছাড়াও রয়েছেন ইউনুচ ফকির, মোহন হাওলাদার, আনোয়ার গাজী, নিজাম মোল্লা, কাঞ্চন খা, হাবিব মেকার, ও দেলোয়ার তালুকদারসহ আরও অনেকে।

ঘটনার পর বজলুর রহমান ৩০ নভেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি কেস নং ৫৭৬/২৫ এবং তার স্ত্রী ১ ডিসেম্বর এমপি কেস নং ৫৮২/২৫ দায়ের করেন। আদালত জমিতে উত্তেজনা বা সংঘর্ষ এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও সাংবাদিকদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাহবুব রাঢ়ী, হারুন রাঢ়ী, রুবেল মুন্সী, এনামুল হক, মোজাম্মেল হোসেন, আফরোজ নিরু, রুনা ইয়াসমিন ও নাসিরুদ্দিন সিকদারসহ অনেকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here