নাটোর প্রতিনিধি :
সারের তীব্র সংকটের প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় নাটোর–নওগাঁ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। রোববার সকাল ১১টার দিকে নলডাঙ্গা-নাটোর সড়কে কৃষকেরা সারের দাবিতে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর আড়াইটার দিকে একই দাবিতে উপজেলার মাধনগরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কৃষকদের অভিযোগ, নির্ধারিত দিনে সার সরবরাহের কথা থাকলেও স্থানীয় ডিলাররা সার দিচ্ছেন না। তারা প্রয়োজনীয় পরিমাণ সার পাচ্ছেন না। একপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের তুলনায় প্রতি বস্তায় ৬০০–৭০০ টাকা বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, আর সারের অভাবে আবাদ ও ফসল উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে—সার সংকট নিয়ে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। প্রয়োজনীয় সার সংগ্রহের জন্য তারা বাজারে বাজারে ঘুরেও কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না।
ঘটনার পর নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন এবং নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সারের সংকট ও কথিত সিন্ডিকেটের প্রতিবাদে উপজেলার মাধনগরে কৃষক ও এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

