হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিদ্দিক মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত ফারজানা বেগম উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। তার স্বামী নুর আলী একই গ্রামের বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফারজানার হাতে থাকা একটি বেচলাইট (ফ্ল্যাশলাইট) নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত নুর আলী হাতে থাকা ছুরি দিয়ে ফারজানার তলপেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। নুর আলীর দাবি, স্ত্রী পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় স্ত্রী তাকে হত্যা করতে এলে আত্মরক্ষায় তিনি ছুরিকাঘাত করেন। পরে নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে নিজের পেটে আঘাত করেন বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফারজানা মারা গেলেও আহত নুর আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর প্রস্তুতি চলছে।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারী মারা গেছেন। অভিযুক্ত স্বামী পুলিশি হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

