পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছেন। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের ওপর তিনি বিশেষভাবে আলোকপাত করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক আবু জাফর, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
মতবিনিময়কালে সাংবাদিকরা জেলার বহুদিনের সমস্যাগুলো ডিসির সামনে তুলে ধরেন। তাদের উপস্থাপনায় প্রাধান্য পায়—নদী ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ, দুর্বল বেড়িবাঁধের সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিতকরা, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ।
সাংবাদিকরা বলেন, জেলার সমস্যা সমাধানে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা প্রচারে তারা সবসময় জেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত।
সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনার পর ডিসি আবু সাঈদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের বস্তুনিষ্ঠ লেখনী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে যেমন জনগণের কাছে পৌঁছে দেয়, তেমনি মানুষের সমস্যাও নীতিনির্ধারকদের কাছে তুলে ধরে।”
তিনি পিরোজপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি আরও আশ্বাস দেন যে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাবেন।
ডিসি আবু সাঈদ জেলার উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় পিরোজপুরের গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।
এই বাংলা/এমএস
টপিক

