নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তার আগে বুধবার রাত আড়াইটার দিকে সোনাপুর বিআরটিসি ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতে ডিপোতে ২১টি বাস রাখা ছিল। হঠাৎ রাত আড়াইটার দিকে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলাচলকারী দুটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাস দুটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ডিপোতে যাই। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। কীভাবে আগুন লাগল তা তদন্তের পর জানা যাবে।”
সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
এই বাংলা/এমএস
টপিক

