নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে চা খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর দুই দিন আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় তানিম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজের কাছে।
নিহতরা হলেন— বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হাসিবুর রশিদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং রায়হান (১৭)। তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, চার বন্ধু এক মোটরসাইকেলে করে পাঁচগাঁওয়ের একটি চায়ের দোকানে যান। চা খেয়ে ফেরার পথে দল্টা ভিটা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়ই গাছে ধাক্কা খায় এবং পরে উল্টো পাশের আরেকটি গাছে গিয়ে আঘাত লাগে। এতে তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তানিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়। বাকি দু’জনকে ঢাকায় নেওয়া হলে বুধবার সকালে জয় মালিবাগ পিপলস হসপিটালে এবং রায়হান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সন্ধ্যায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তারা শুনেছেন, তবে দুর্ঘটনা বা মৃত্যুর বিষয়ে পরিবার বা স্থানীয় কেউ পুলিশকে অবহিত করেননি।
এই বাংলা/এমএস
টপিক

