১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

0
219
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল চত্বরে এই কর্মবিরতি পালন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আন্দোলনকারীরা জানান, রোগ নির্ণয়, ল্যাব পরীক্ষা, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল সেবা, ঔষধ ব্যবস্থাপনা ও বিতরণসহ স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।

তারা জানান, ২০২৪ সালের ১ অক্টোবর, ৩ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে আবেদন করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের কাছে ১০ম গ্রেড প্রদানের প্রস্তাব পাঠায়। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ শাখা থেকে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে দাপ্তরিক জটিলতা, লালফিতার দৌরাত্ম্য ও ওপর মহলের চাপের কারণে ১০ম গ্রেড বাস্তবায়ন ঝুলে আছে।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সংসদ মেডিকেল সেন্টার ও সচিবালয় মেডিকেল সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ইতোমধ্যে একই দাবিতে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছেন।

তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীকাল থেকে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here