ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন সড়কের পাশের কাশবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পাইপগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও জেলা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে যৌথ এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও জেলা পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতর থেকে ছোট আকৃতির একটি বিদেশি পাইপগান উদ্ধার হয়। আকারে ছোট হওয়ায় অস্ত্রটি বহন ও ব্যবহার সহজ এবং নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছে র্যাব।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অভিযানে র্যাব-৯ মোট ২৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং ৮টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-৯ এর ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।
উদ্ধারকৃত পাইপগানটি জিডি মূলে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক

