নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশাসকের দায়িত্ব পেয়েছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অ:দা.) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অফিস আদেশে আগামী চার মাসের (১২০ দিন) মধ্যে চেম্বারের নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে জেলায় ব্যবসায়ী সমাজে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। তাদের মতে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব গঠনে এটি হবে গুরুত্বপূর্ণ মোড়।
ব্যবসায়ীরা জানান, “চেম্বারের অচলাবস্থা দূর করতে নির্বাচনই ছিল সবচেয়ে জরুরি। সরকারের এ পদক্ষেপ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।”
চেম্বারের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ বলেন, “প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী নীতিনির্ধারণী কমিটিই চেম্বারকে আবারও গতিশীল করতে পারে। নির্বাচন হলে ব্যবসায়ী অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।”
বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “বুধবার চিঠি পেয়েছি। দ্রুত দায়িত্ব গ্রহণ করবো। সবার সহযোগিতায় সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকবো।”
ব্যবসায়ীদের আশা—আসন্ন নির্বাচন নীলফামারীর ব্যবসায়িক পরিবেশে নতুন সম্ভাবনা ও স্থিতিশীলতার দ্বার খুলে দেবে।
এই বাংলা/এমএস
টপিক
- চেম্বার অব কমার্স
- কার্যনির্বাহী কমিটি
- বাণিজ্য মন্ত্রণালয়

