নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুরে নলডাঙ্গা হাট রেলওয়ে স্টেশনে ‘নলডাঙ্গাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নলডাঙ্গার মানুষের যাতায়াতের সুবিধা ও এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু করা প্রয়োজন। এ জন্য জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা—উভয় দিকের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দ্রুত চালুর দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, নলডাঙ্গা হাট রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি চালু হলে স্থানীয় বাসিন্দাদের ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত আরও সহজ হবে।
মানববন্ধনে অংশ নেন নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যসচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন উজ্জ্বল, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ইরাক, ব্যবসায়ী আইয়ুব আলী, হাফেজ মাওলানা মমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস