মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং জলাশয়ে মাছের পোনাও অবমুক্ত করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন এবং তাঁদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে এতে অংশ নেন। শোভাযাত্রাটি ঘিওর উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব সাইফ সানোয়ার।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগঠনটির ভূমিকার কথা স্মরণ করেন তাঁরা। একই সঙ্গে ঘিওর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন।
এই বাংলা/এমএস