কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃউপজেলা বদলির আদেশ স্থগিত হওয়ার পরও নিজ নিজ পূর্বের কর্মস্থলে ফেরেননি ১২ জন সহকারী শিক্ষক।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তারা একাধিকবার নির্দেশ দেওয়ার পরও তাঁরা বিদ্যালয়ে যোগ দেননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্তৃত্ব ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষকদের কর্মস্থলে না ফেরার বিষয়টি জানার পর কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের ডেকে সতর্ক করেন। তবে এরপরও তাঁরা নির্দেশনা অনুসরণ করেননি বলে অভিযোগ রয়েছে। সাধারণ শিক্ষকদের একাংশের মতে, প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা অমান্য করে ওই শিক্ষকেরা স্বেচ্ছাচারী আচরণ করছেন। এতে প্রাথমিক শিক্ষা বিভাগে শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হচ্ছে।
গত ২৯ সেপ্টেম্বর বিকেলে ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে ‘কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কমিটির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্যসচিব। বদলির ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠায় পরদিন, ৩০ সেপ্টেম্বর, কমিটি এক পত্রের মাধ্যমে ওই বদলির আদেশ স্থগিত করে।
তবে স্থগিতাদেশের পরও ওই ১২ শিক্ষক বদলির তালিকায় থাকা বিদ্যালয়ে যোগদান করেন এবং সেখানে হাজিরা খাতায় স্বাক্ষর করতে থাকেন বলে জানা গেছে। তাঁদের পূর্বের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা তা মানেননি। ফলে দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে তাঁরা নিজ নিজ পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাধিক সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বদলির আদেশ স্থগিত হওয়া ১২ শিক্ষকের বিষয়ে শিক্ষা বিভাগের নির্দেশনা কার্যকর করা যাচ্ছে না। তাঁদের দাবি, বিভাগীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষকেরা নিজেদের ইচ্ছামতো চলছেন। বারবার মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরও তাঁরা বিদ্যালয়ে ফিরছেন না। এটি অসদাচরণের শামিল হলেও রহস্যজনক কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।
তালিকাভুক্ত ১২ শিক্ষকের একজন মোছা. রোখসানা পারভীন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে প্রায় এক বছর ধরে তিনি নিজ বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ছালেহা খাতুন বলেন, “রোখসানা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না। তিনি ডেপুটেশন নিয়ে অন্য স্কুলে ছিলেন। ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর ডেপুটেশনের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু স্কুলে ফেরেননি। প্রায় এক বছর ধরে তিনি স্কুলে অনুপস্থিত। এমনিতেই আমার স্কুলে শিক্ষক সংকট। কিন্তু কোন আদেশের বলে তিনি স্কুলে আসেন না, তা আমার জানা নেই। আমি কর্তৃপক্ষের কোনো আদেশের কপি পাইনি।”
বাকি ১১ শিক্ষকের বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে তাঁদেরও অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থাকা আরেক সহকারী শিক্ষক ফারুক হোসেন। বদলির আদেশ স্থগিত হওয়া এবং নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি ফেরেননি। এ বিষয়ে ফারুক হোসেন বলেন, “শুধু আমি কেন, ১২ জনের সবাই পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত। আমরা বদলি আদেশ স্থগিতের খবর পেয়েছি। কিন্তু তার আগে বদলিকৃত স্কুলে যোগদান করেছি। কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাব।”
প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে, বদলির আদেশ স্থগিত হওয়ার অর্থ হলো শিক্ষকদের পূর্বের কর্মস্থল বহাল থাকা। তাঁদের একাধিকবার মৌখিকভাবে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আলাদা করে লিখিত আদেশ দেওয়ার প্রয়োজন নেই।
১২ শিক্ষকের কর্মস্থলে না ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “ওই ১২ শিক্ষক বেপরোয়া। বদলি আদেশ স্থগিত হওয়ায় ওই ১২ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করা হয়নি। কিন্তু বারবার বলার পরও তাঁরা নিজ বিদ্যালয়ে ফিরে যাচ্ছেন না। সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁরা অসদাচরণ করেছেন।”
তবে ওই ১২ শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “বদলির আদেশ স্থগিত হওয়ার পরও কেন ওই ১২ শিক্ষক তাঁদের নিজ নিজ স্কুলে ফিরে যাননি এবং কেনই বা তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জবাব দেবেন। পূর্বের বদলির আদেশের অসঙ্গতি দূর করে নতুন আদেশ জারি করতে কমিটির সভা আহ্বান করা হবে।”
এই বাংলা/এমএস