শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

তাহেরপুর পৌরসভায় দেড় কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৮০ লাখ টাকা উত্তোলন নিয়ে প্রশ্ন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়কে কেন্দ্র করে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

পৌরসভার সচিব মতলেবুর রহমান ও প্রকৌশলী হাসানকে ঘিরে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সচিব মতলেবুর রহমান পৌরসভার দাপ্তরিক কার্যক্রমে একক আধিপত্য বিস্তার করে আসছেন।

অভিযোগ রয়েছে, তাঁর সঙ্গে প্রকৌশলী হাসানের যোগসাজশে পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজের পরিমাপ, বিল প্রস্তুত, ঠিকাদারি কার্যক্রম এবং অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় নানা অনিয়ম হয়ে আসছে। এরই মধ্যে ২০২৪ সালের কোভিড-১৯ প্রকল্পের প্রায় দেড় কোটি টাকার বরাদ্দ ঘিরে সামনে এসেছে নতুন অভিযোগ।

অভিযোগকারীদের দাবি, বাস্তবে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, তার চেয়ে বেশি কাজ—প্রায় ৫০ শতাংশ সম্পন্ন দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ মাঠপর্যায়ের কাজের বাস্তব চিত্রের সঙ্গে সরকারি নথিতে উল্লেখ করা হিসাবের অমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কয়েকটি প্রশ্ন সামনে এসেছে—প্রকৃত কাজের পরিমাণ নির্ধারণ না করে কীভাবে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হলো? কারা কাজের অগ্রগতি প্রতিবেদন তৈরি করেছেন? কারা কাজের পরিমাপ করেছেন এবং কারা বিল অনুমোদনের দায়িত্ব পালন করেছেন?

শুধু কোভিড-১৯ প্রকল্প নয়, পৌরসভার অন্যান্য উন্নয়নকাজেও দরপত্র প্রক্রিয়া, কার্যাদেশ, নির্মাণকাজের গুণগত মান, পরিমাপ, বিল-ভাউচার এবং অর্থ ব্যয়ের হিসাব নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের কথিত একক আধিপত্যের কারণে পৌরসভার দাপ্তরিক কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা বাধাগ্রস্ত হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সচিব মতলেবুর রহমান ও প্রকৌশলী হাসান একাধিকবার প্রকল্প পরিচালকের (পিডি) কার্যালয়ে যাতায়াত করেছেন। সেখানে কয়েক দফা বৈঠক করে সংশ্লিষ্টদের নিজেদের পক্ষে নেওয়ার মাধ্যমে অভিযোগের বিষয়টি নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা প্রশ্ন তুলেছেন, প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় সরকারি অর্থের হিসাব যাচাই, প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন, সংশ্লিষ্ট নথি তলব কিংবা অনিয়মের অভিযোগ তদন্তে উদ্যোগ কেন দৃশ্যমান নয়? শুধু প্রকল্প পরিচালকের নির্দেশনার অপেক্ষায় থাকাই কি প্রশাসনিক দায়িত্ব পালনের যথেষ্ট পদক্ষেপ?

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রকল্প পরিচালক বরাবর লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। প্রকল্প পরিচালক যেভাবে দিকনির্দেশনা দেবেন, তিনি সেভাবেই ব্যবস্থা গ্রহণ করবেন।”

অন্যদিকে, বিভাগীয় প্রকৌশলী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে প্রকল্প পরিচালকের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাহেরপুর পৌরসভার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছিল। ২০১৭-১৮ অর্থবছরের একটি প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে আদায় করা ভ্যাট ও আয়করের ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার বিষয়টি সে সময় নিরীক্ষায় উঠে আসে।

যদিও ওই ঘটনা বর্তমান কোভিড-১৯ প্রকল্প থেকে পৃথক, তবু পৌরসভার আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।

সচেতন মহলের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সরকারি অর্থ উদ্ধার করতে হবে। তাঁদের মতে, জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কোনো কর্মকর্তা বা কথিত সিন্ডিকেটের ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে না।

তাহেরপুর পৌরসভার দেড় কোটি টাকার প্রকল্পে প্রায় ৮০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, দীর্ঘদিনের কথিত একক আধিপত্য, পিডির কার্যালয়ে দফায় দফায় বৈঠক এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ওঠা প্রশ্ন—সব মিলিয়ে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রকল্পের প্রকৃত ব্যয়ের হিসাব এবং অভিযোগের সঙ্গে জড়িতদের ভূমিকা স্পষ্ট হয় কি না, সেটিই দেখার বিষয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর