সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর-নলডাঙ্গা-আত্রাই মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে নলডাঙ্গা-আত্রাই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ নজরদারি এবং নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার জাহান জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে মহাসড়কে পুলিশের চেকপোস্ট স্থাপন ও যানবাহনে তল্লাশির ফলে স্থানীয়দের মধ্যেও নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে।
এই বাংলা/এমএস