বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ঠিকাদারদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর ঠিকাদার মিঠু শেখের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন অন্য ঠিকাদারেরা। বুধবার (১৮ নভেম্বর) শহরের পিটিআই মোড় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, হাসান ইমাম লিটনসহ অনেকে। এ সময় বক্তারা অভিযুক্ত ঠিকাদার মিঠু শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মো. মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের পরিবর্তে সাব-ঠিকাদার হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে ওই নির্মাণকাজ চলমান রয়েছে। তবে কাজ শেষ না করেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে সম্পূর্ণ বিল দাবি করেন।

বিল দিতে অস্বীকৃতি জানালে তিনি নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন বক্তারা। এতে নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, বুধবার সকালে ঠিকাদার মিঠু শেখ তাঁর কার্যালয়ে এসে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই চূড়ান্ত বিল দেওয়ার জন্য হুমকি দেন। তখন তিনি সরকারি বিধিবিধানের কথা উল্লেখ করে জানান, কাজ সম্পন্ন না হলে বিল দেওয়ার নিয়ম নেই।

হাজেরুল ইসলামের অভিযোগ, এ কথা শুনে মিঠু শেখ বলেন, ‘আপনার নিয়ম আপনার কাছে রাখেন, আমাকে এখনই টাকা দিতে হবে।’ এরপরই তাঁকে হত্যার উদ্দেশ্যে বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন মিঠু শেখ।

তিনি আরও বলেন, তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাঁকে মিঠু শেখের হাত থেকে রক্ষা করেন। এ ঘটনায় তিনি নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর