মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট তদারকি দলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডের বেডের আশপাশ ও কোণে লুকিয়ে রাখা বস্তা ও পলিথিনভর্তি পান, সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু রোগী ও তাঁদের সঙ্গে আসা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরে পান, জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছিল। এ ছাড়া যত্রতত্র পানের পিক ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ওয়ার্ডগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছিল।
হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বাংলা/এমএস