কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ক্রমাগত কমছে। এর মধ্যে সোমবার (১৬ নভেম্বর) থেকে টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।
মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এর সঙ্গে বইছে মৃদু ঠান্ডা বাতাস। মঙ্গলবার বিকেল পর্যন্তও সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও কৃষিশ্রমিকরা। ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কেউ কৃষিজমিতে, আবার কেউ শহরে শ্রমের কাজ করছেন।
বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের একটি কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর মো. সাদেক মিয়া। তিনি বলেন, “আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।”
একই এলাকায় ফুলকপি তুলছিলেন কৃষক মো. আজমত আলী। তিনি বলেন, “বাহে ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।”
এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এ অবস্থা আগামী সপ্তাহ পর্যন্ত বিরাজ করতে পারে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে দৈনন্দিন কাজকর্ম ও জীবিকা নির্বাহে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের।
এই বাংলা/এমএস