উত্তরের জেলা পঞ্চগড়ে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে শীতের আমেজ। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বেড়েছে। দুপুর ১২টা পেরিয়ে গেলেও আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন ও মেঘলা। ফলে অনেক এলাকায় দিনের বেলাতেও সূর্যের দেখা মেলেনি।
বিশেষ করে তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। বিস্তীর্ণ ফসলি মাঠ, গাছপালা ও দূরের জনপদ কুয়াশার আবরণে তৈরি করেছে ভিন্ন এক দৃশ্য। দুপুরের আলোতেও দূরের গাছপালা ঝাপসা দেখা যাচ্ছে। চারদিকে বিরাজ করছে শীতের নীরব আবহ।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে ভোর ও সকালে ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তাপমাত্রার তথ্যের দিকেও নজর রাখছেন স্থানীয় বাসিন্দা ও আবহাওয়াপ্রেমীরা। আবহাওয়ার এমন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অনেকে শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে হেমন্তের শেষ সময়ে পঞ্চগড়জুড়ে বাড়ছে শীতের আমেজ। দিনের আলোতেও কুয়াশার উপস্থিতি জানান দিচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে উত্তরের শীত।
এই বাংলা/এমএস