মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা বাজারে যৌথ অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মাজেদা খাতুনের হাসান মেডিকেল হলকে ৩ হাজার টাকা, জামিল মিয়ার নুসরাত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, সুফিয়ান মিয়ার রাহিয়ান ট্রেডার্সকে ৭ হাজার টাকা এবং রাজা মিয়ার মেসার্স তোফাজ্জল ট্রেডার্সকে ৮ হাজার টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠান চারটিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই বাংলা/এমএস