বগুড়ার কাহালু উপজেলায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাসেদ (৭০)। আহত ব্যক্তির নাম আব্দুল মকিম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবর আলী ও আব্দুল বাসেদের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল মকিমকে স্থানীয়রা উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস