রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে ১২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলন এবং ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। কয়েক হাজার শ্রমিকের কর্মস্থল এ কারখানাটির সব কার্যক্রম রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার কারখানার পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন।

বন্ধ ঘোষণা করা অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড ও ডিভাইন কারখানা; মৌচাক এলাকার রুমু কারখানা, রহমত টেক্সটাইল ও সাদমা কারখানা; পূর্ব চন্দ্রা এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল ও লিডা কারখানা; রতনপুর এলাকার লীজ ফ্যাশন ও করনী কারখানা এবং চন্দ্রা এলাকার সমাহার কারখানা।

রোববার সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা হাইড্রো অক্সাইড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। পরে সেখানে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের কারণে এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আবার কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। রোববার মহাসড়কে কোনো শ্রমিক আন্দোলন হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না। রোববার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ এখনো তাঁদের কাছে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর