জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। সোলার প্যানেল স্থাপনের ফলে কার্যালয়ের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। স্থাপিত সোলার প্যানেল থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রকল্পটির ঠিকাদারি কাজ পেয়েছে ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড। মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নেট মিটারিং ব্যবস্থায় ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যায়। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা। এ অর্থ তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।
এ কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি এবং হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।
বিশেষ প্রণোদনা পেতে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই বাংলা/এমএস