দুর্ঘটনা ও বিভিন্ন রোগে শারীরিক সক্ষমতা হারানো মানুষকে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তুলতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার পরিধি ও প্রচার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
রোববার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উদযাপন করা হয়। এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার এবং কেক কেটে হাসপাতালটির ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি পালন করা হয়।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। এতে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ। সেমিনারে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে। সংবাদপত্র, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে এ চিকিৎসাসেবা সম্পর্কে ব্যাপক প্রচার চালানো প্রয়োজন, যাতে সাধারণ মানুষ ও রোগীরা এর সুফল পান। অস্ত্রোপচারের পর রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, স্ট্রোক ও দুর্ঘটনার পর রোগীরা শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক ট্রমার মধ্যেও থাকেন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পুনর্বাসন চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এ খাতে দক্ষ জনবল তৈরি এবং আধুনিক পুনর্বাসনসেবা সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্ট্রোক, দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে অনেক মানুষ কর্মক্ষমতা হারান। এসব রোগীর অস্ত্রোপচারের পাশাপাশি পরবর্তী সময়ে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা প্রয়োজন। এ চিকিৎসার মাধ্যমে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে এসে দেশ ও সমাজে অবদান রাখতে পারেন। দেশে পুনর্বাসন চিকিৎসার মানোন্নয়নে বিভিন্ন সাব-স্পেশালিটি গড়ে তোলা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোবটিক রিহ্যাবিলিটেশন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ জরুরি।
সভাপতির বক্তব্যে ডা. মো. একরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, বাতব্যথা, ক্যান্সার, জন্মগত ও স্নায়বিক প্রতিবন্ধকতা এবং বয়সজনিত শারীরিক অক্ষমতার কারণে বিপুলসংখ্যক মানুষের পুনর্বাসন চিকিৎসার প্রয়োজন হয়। রোগীদের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা, ব্যথা নিয়ন্ত্রণ, দৈনন্দিন কাজে স্বনির্ভরতা অর্জন এবং সামাজিক ও পেশাগত জীবনে পুনরায় অংশগ্রহণ নিশ্চিত করতে এ চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৈজ্ঞানিক সেমিনারে নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, ফ্রোজেন শোল্ডার ম্যানেজমেন্ট, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশন, স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, ক্যান্সার ও লিম্ফেডিমা রিহ্যাবিলিটেশন, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং রিহ্যাবিলিটেশন এবং মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন উপশাখার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা হয়।
এই বাংলা/এমএস