রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ঘরের বাইরে এনে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষিত করতে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান নারীদের পুরুষের পাশাপাশি কাজ করার সুযোগ তৈরি করেছেন। খালেদা জিয়া নারীদের শিক্ষার পথ সুগম করেছেন। তাঁদের উদ্যোগের ধারাবাহিকতায় আজ নারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক, সংসদ সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন।

দুলু আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিএনপি ভূমিকা রেখেছে। যেসব নারীর অগ্রগতিতে বিএনপির অবদান রয়েছে, সেই নারীরা কীভাবে বিএনপির বিরুদ্ধে ভোট দেবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের বঙ্গজল রাজবাড়ির আনন্দ ভবনে খান ফাউন্ডেশনের আয়োজনে ‘Voices for Change Project’-এর আওতায় ‘নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব’ শীর্ষক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর