ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালচক্রের তৎপরতা ও রোগীদের হয়রানি বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসন। অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগ (আউটডোর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান করে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করে আসছিল। চক্রের সদস্যরা রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে অতিরিক্ত অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য। অপরাধের মাত্রা বিবেচনায় আদালত তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেন। এর মধ্যে শিপন মিয়াকে ২ হাজার টাকা এবং নার্গিস আক্তারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে এসআরবির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, রোগীদের জিম্মি করে হয়রানি করার অভিযোগে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস