বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গভীর রাতে দৌলতপুর বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গলে গেছে এবং কার্যালয়ের টিনের বেড়ার কাঠের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে কোনো একসময় উপজেলার বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কার্যালয় খুললে আগুন দেওয়ার বিষয়টি নেতাকর্মীদের নজরে আসে।

উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। এতে একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গলে যায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ঘটনাস্থল থেকে দুই লিটারের একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিনুর রহমান এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন। এ বিষয়ে তাঁরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর