ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ রাজবাড়ী জেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মধুঅছিমদ্দিনের পাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে সোহেল শেখ (৩০) ও মহসিন শেখ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদর বাজার এলাকায় অভিযান চালাচ্ছিলেন। এ সময় পোস্ট অফিস চত্বরে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার হলে দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন চরভদ্রাসন এলাকায় বিভিন্ন ধরনের কাজ করতেন। পুলিশের দাবি, তাঁরা নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর সোমবার (৯ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের ফরিদপুরের সংক্ষিপ্ত বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে চরভদ্রাসন থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সদর বাজারের পোস্ট অফিস চত্বর থেকে দুই ব্যক্তিকে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। চরভদ্রাসনকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে সাধারণ জনগণকে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”
ওসি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এই বাংলা/এমএস