কুড়িগ্রাম পৌরসভার টাউন হল চত্বরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. মনসুর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পৌরসভার টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী পৌর এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন ছয় আনিপাড়ার বাসিন্দা। তিনি টাউন হলের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা চলছিল। এ সময় সানি সেখানে মাদক সেবন করতে গেলে মনসুর আলী তাঁকে বাধা দেন। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথিরা চলে যান। দুপুরের খাবার নিয়ে স্বামীর কাছে যান তাঁর স্ত্রী মল্লিকা বেগম।
অভিযোগ অনুযায়ী, এ সময় সানি ছুরি দিয়ে মনসুর আলী ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালান। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূরে নেওয়াজ জানান, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানি নামে একজনকে আটক করা হয়েছে।
এই বাংলা/এমএস