বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

লালপুরে সিলিংয়ের ওপর লুকিয়েও রক্ষা হয়নি, অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে পুলিশের অভিযানের সময় ঘরের সিলিংয়ের ওপর লুকিয়েও শেষ রক্ষা হয়নি এক যুবকের। অনলাইন জুয়া ও সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং প্রতারণার অর্থ দিয়ে কেনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টা ৫ মিনিটে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মারুফ আলী ওরফে সিজান (১৯) এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে মো. ইমন ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল মহারাজপুর মধ্যপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। অভিযানের সময় তাঁদের একজন ঘরের সিলিংয়ের ওপর লুকানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি তিনি।

পুলিশ আরও জানায়, অভিযানে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং প্রতারণার অর্থ দিয়ে কেনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর