বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া দুর্ঘটনার রেকর্ড নেই এবং ধূমপান করেন না—এমন চারজন চালককে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেলের উদ্যোগে শোভাযাত্রা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা। মোটরযানচালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আয়োজকেরা।

সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা। সভা সঞ্চালনা করেন বিআরটিএ রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাজাহান হক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক ও নাগরিকেরা দায়িত্বশীল আচরণ করলে সড়ক আরও নিরাপদ করা সম্ভব।

তিনি মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান ও বাঁকে ওভারটেকিং না করা এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার হেলেনা আক্তার, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহীর সভাপতি তৌফিক আহসান টিটু, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাইনুল হক মানা এবং রাজশাহী জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দুর্ঘটনার রেকর্ড নেই এবং ধূমপান করেন না—এমন চারজন শ্রেষ্ঠ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর