মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. ইউনুস আলী (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনুস আলী ওই গ্রামের মো. নূর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর রাতে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রিজের পূর্ব পাশে মোগলবাসাগামী পাকা সড়কের গোড়াই ছোট ড্রেন ব্রিজের ওপর পেট্রল দিয়ে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন সফল করার উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে টায়ার জ্বালানো হয়েছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনুস আলীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী পালিয়ে যান বলে দাবি পুলিশের। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি হিসেবে ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও দাবি করেছে, ইউনুস আলী তবকপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর