বরগুনার বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সাদ্দাম নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদ্দামকে তাঁর নিজ বাসা থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বেতাগী থানার এসআই নজরুল ইসলাম ও এসআই মো. সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সাদ্দামের কাছ থেকে ইয়াবা ও মাদকসামগ্রী জব্দ করা হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাদ্দামকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁর সঙ্গে মাদক ব্যবসায় আর কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে কত পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আর কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস