বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ওই কিশোরী শাপলা তুলতে ঘের এলাকায় গেলে সুমন শিকদার তাকে মাছ দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তিনি কিশোরীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ভয়ে কিশোরী কয়েকদিন বিষয়টি গোপন রাখে।
পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে কিশোরীর মামী বিষয়টি জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী তাঁর কাছে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন।
শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মামা শিপন বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাছের ঘেরসহ নির্জন এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস