শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

রাজপথের কর্মী থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব: রিজভীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর খ (৬) ধারা অনুযায়ী অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রুহুল কবির রিজভীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। একই সময়ে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বেও ছিলেন।

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

উচ্চমাধ্যমিকের পর বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে তাঁর ছাত্ররাজনীতিতে প্রবেশ। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর সংগঠনটিতে যোগ দেন রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ছাত্ররাজনীতির পর রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৭ ফেব্রুয়ারি তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট ২০২৬ তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

সবশেষে ২০ আগস্ট তাকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হলো।

রাজপথের ছাত্রকর্মী থেকে শুরু করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং এবার ভারপ্রাপ্ত মহাসচিব—দীর্ঘ রাজনৈতিক পথচলায় রুহুল কবির রিজভীর উত্থান বিএনপির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর