টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিখিল বণিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল করিম মিয়া উপস্থিত ছিলেন।
অভিযানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদিত নাম পরিবর্তন করে ‘ক্লিনিক অ্যান্ড হাসপাতাল’ নাম ব্যবহার করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অপরিচ্ছন্ন পরিবেশ ও ল্যাব কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা (এসি) না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অন্য ঠিকানার লাইসেন্স ব্যবহারের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিয়ম-নীতি মেনে চলা, বৈধ লাইসেন্স সংরক্ষণ এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
এই বাংলা/এমএস