মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রাম থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় মদসহ রুবেল চন্দ্র মনিদাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল চন্দ্র মনিদাস উপজেলার রামরাবন গ্রামের মৃত সিধাম চন্দ্র মনিদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে রামরাবন এলাকা থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে রুবেল চন্দ্র মনিদাস সাটুরিয়ার কাউন্নারা এলাকায় আসেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
পরে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আল-আমিনের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধারকৃত মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৬ পিস ইয়াবা ও ১ লিটার মদসহ গ্রেপ্তার ব্যক্তিকে আজ সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য।’
এই বাংলা/এমএস