বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কুড়িগ্রামে ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা সহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ওই এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুলের কাছ থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

পুলিশের দাবি, শহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গেও তিনি জড়িত বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল। তবে বিভিন্ন কৌশলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যেতে সক্ষম হন। এবার চতুর্থবারের চেষ্টায় মাদকসহ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুনতাসির মামুন মুন বলেন, চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে শহিদুলের গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার শহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর