মানিকগঞ্জের দৌলতপুরে ২০ পিস ইয়াবাসহ মো. মিলন বেপারী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিকেএস উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে ব্র্যাক ব্যাংকের পেছনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলন বেপারী বাঘুটিয়া ইউনিয়নের বাশাইল এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিলন বেপারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার মিলন বেপারী মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় মিলন বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস