চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার তিনি নগরীর বিভিন্ন জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হাজারো মানুষের মাঝে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
তারা পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজীপাড়া, বেলতলা ও শহীদনগরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে মেয়রের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামে অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। কোথায় কী সমস্যা হচ্ছে এবং কীভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায়, সে বিষয়ে সার্বক্ষণিক তদারকি চলছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন ও নিরাপত্তা। পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা, খাদ্য বিতরণ এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত এলাকার পানি দ্রুত নিষ্কাশন, খাল-নালা সচল রাখা এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহকে সঙ্গে নিয়ে চান্দগাঁও ওয়ার্ডের হাজীরপুল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক ও শমসেরপাড়া এলাকাসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। সেখানে প্রায় এক হাজার পরিবারের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা ও দ্রুত সমাধানের বিষয়ে মতামত নেন।
পরিদর্শনকালে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টপিক