নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার বটতলা এলাকায় ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চার্জার গাড়ির চালকও আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নলডাঙ্গা থানার মাধনগর ইউনিয়নের পাটুল বাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের নাটোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত চার্জার গাড়ির চালক চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টপিক

