কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামে অনলাইনে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে মো. কামরুল হাসান কাজল (৩৫) এবং তার দুই স্ত্রী মোছা. হাফিজা বেগম (২৫) ও মোছা. মুক্তা মনি (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার এসআই (নিঃ) মো. আহসান হাবিবের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে, গোপালপুর গ্রামে কামরুল হাসান কাজলের বাড়িতে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিনজনকে আটক করে রেখেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে নগ্ন ও অশ্লীল ভিডিও ধারণ ও প্রচারের বিষয়ে তথ্য দেন। পরে কামরুলের কাছ থেকে একটি Vivo Y29 এবং হাফিজা বেগমের কাছ থেকে একটি Samsung Galaxy A17 5G মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দকৃত মোবাইল ফোনে ELive, TiLive, IMO ও WhatsApp-সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের আলামত পাওয়া গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার এজাহার অনুযায়ী, মো. কামরুল হাসান কাজল তার দুই স্ত্রী হাফিজা বেগম ও মুক্তা মনির সহযোগিতায় দীর্ঘদিন ধরে ELive ও TiLive-সহ বিভিন্ন অনলাইন লাইভ প্ল্যাটফর্মে নিজেদের নগ্ন ও অশ্লীল ভিডিও তৈরি ও লাইভ সম্প্রচার করতেন। এছাড়া Binance অ্যাপের মাধ্যমে অর্থ গ্রহণ এবং WhatsApp ও IMO-এর মাধ্যমে এসব ভিডিও প্রচারের অভিযোগও করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামরুল হাসান কাজল পেশায় কুড়িগ্রাম জেলা আদালতের একজন মহুরী। এলাকাবাসীর দাবি, তিনি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রতিবেদন করে থাকেন।
পুলিশ জানায়, উত্তেজিত জনতার কাছ থেকে হেফাজতে নেওয়ার সময় কামরুল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. আহসান হাবিব বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(৩), ৮(৫)(ক) ও ৮(৭) ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত আলামত পরীক্ষা করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
টপিক

