ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় টানা ছয় দিনের বৃষ্টিতে ভেঙে পড়েছে হতদরিদ্র মো. শাহিন হাওলাদারের বসতঘর। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি, তার স্ত্রী ও তিন সন্তান। তবে ঘরের নিচে চাপা পড়ে একটি ত্রাণের গরু আহত হয়, পরে স্থানীয়দের সহায়তায় সেটিকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া ঘরটি হঠাৎ ধসে পড়ে। সে সময় ঘরের ভেতরে শাহিন হাওলাদার, তার পরিবারের সদস্যরা এবং একটি ত্রাণের গরু ছিল। পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও গরুটি ঘরের নিচে আটকা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে গরুটিকে বের করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ক্ষতিগ্রস্ত শাহিন হাওলাদার জানান, ঘরটি বিধ্বস্ত হওয়ায় তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবেশীর একটি ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, “আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে একটি ঘরের জন্য সহযোগিতা চাই।”
ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয়। এ সময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, স্থানীয় কৃষক দলের নেতা মো. শাহিন আকন, মো. মাইনুল হোসেন হাওলাদার এবং ছাত্রদলের নেতা মো. রুবেল মোল্লা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
টপিক

