ড্রেন উপচে সড়কে নোংরা পানি, কিশোরগঞ্জের হয়বত নগরে চরম জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার :

 

 

কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হয়বত নগর সাহেব বাড়ি মসজিদ সংলগ্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা-আবর্জনা ও পচা পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ছে। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ার পাশাপাশি প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শত শত পথচারী, মুসল্লি ও শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, ড্রেনের বিভিন্ন অংশে পলি ও আবর্জনা জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই ড্রেন উপচে নোংরা পানি পুরো সড়কে ছড়িয়ে পড়ে। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি তাদের।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকাবাসী জানান, সাহেব বাড়ি মসজিদ সংলগ্ন হওয়ায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লিদের এই সড়ক ব্যবহার করতে হয়। পাশাপাশি শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করাও একই পথ দিয়ে চলাচল করেন। কিন্তু বৃষ্টির সময় ড্রেনের পচা পানি সড়কে ছড়িয়ে পড়ায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন।

স্বাস্থ্যঝুঁকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, ড্রেনের দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক পুনর্নির্মাণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে এ দুর্ভোগের অবসান ঘটবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here