গাজীপুর প্রতিনিধি :
বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে ৪০১-৬০০তম অবস্থানে স্থান করে নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সাফল্যের নজির গড়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। তালিকায় বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে বিশ্বে ৮২তম অবস্থানে রয়েছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর অর্জন করে ৬৬তম স্থান লাভ করেছে। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮ দশমিক ৫ থেকে ৭৪ দশমিক ৫ স্কোর নিয়ে বৈশ্বিকভাবে ১০১-২০০তম গ্রুপে অবস্থান করছে।
গত বছর একই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৮০১-১০০০তম। মাত্র এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য উন্নতি করে ৪০১-৬০০তম অবস্থানে উঠে আসাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণা কার্যক্রম ও টেকসই উন্নয়নমুখী উদ্যোগের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুধু টিএইচই নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও সাফল্য অর্জন করেছে গাকৃবি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এর ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করেছে।
এ সাফল্যের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
তিনি বলেন, আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে দেশ ও বিশ্বের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে কাজ করে যাবে।
উল্লেখ্য, টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিংস বিশ্বের একমাত্র বৈশ্বিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন ব্যবস্থা, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান পরিমাপ করে।
এই বাংলা/এমএস
টপিক

